প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৯ পিএম
দেশের বিভিন্ন জেলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত মঙ্গলবার ও বুধবার (১৭ ডিসেম্বর) ১২৪ জন গ্রেপ্তার হয়েছেন। টাঙ্গাইল, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোণা, ঢাকা, কুমিল্লা ও সুনামগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
টাঙ্গাইল : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে টাঙ্গাইলে। এ অভিযানে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেনÑ আমজাদ হোসেন, ফেরদৌস আলম পাহাড়ী, শরীফ হোসেন, নাসির উদ্দিন, সৈয়দা তানিয়া ইসলাম, তারিফুল ইসলাম, ফজলুল হক, আব্দুল হোসেন, মো. রাসেল, ওয়াদুদ রহমান শাহীন, এমএ হাকিম তালুকদার, হৃদয় আহমেদ, মো. শামীম, তাহসিন হোসেন আলীফ, তপু মণ্ডল, মো. জুয়েল, রিপন মিয়া ও মিনহাজ উদ্দিন। গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেনÑ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামী লীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আওয়ামী লীগ নেতাসহ ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া : বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেনÑ বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার রেজাউল করিম, শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল পিরব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল ইসলাম এবং নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য জাকিরুল ইসলাম। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
নেত্রকোণা : সুনামগঞ্জের মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে সজলু তালুকদার নামে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সজলু তালুকদার উপজেলা সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে। এ ছাড়া তিনি মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি এবং মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। অন্যদিকে পাকুন্দিয়া সড়কে গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে ফরিদুজ্জামান (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়া (ঢাকা) : মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ওসি মাহমুদুল হাসান। আটক শেখ শিমন ঢাকা জেলার আশুলিয়া থানার পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারীর বাড়ির মৃত হাফেজ মিয়ার ছেলে।
বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযানে ডেভিলহান্টের অংশ হিসেবে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক চয়ন রায়কে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলীর নির্দেশনায় জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবারে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, ডেভিল হান্ট অপারেশনে চয়ন রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।