চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম
চট্টগ্রাম জেলা পুলিশ স্বাধীনতার মহান সংগ্রামে যাদের অবদান অতুলনীয় তাদের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা দিয়েছে ।
বুধবার (১৭ ডিসেম্বর) নগরীর হালিশহরে অবস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা শীর্ষক’ এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ৩৮ জন সদস্যকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার
মোহাম্মাদ নাজির আহমেদ খান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সাহসী সদস্যদের
বীরত্ব ও আত্মোৎসর্গ বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে। তাদের ত্যাগের
ফলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে
দাঁড়িয়ে আছে। পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতির অহংকার এবং নতুন
প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ
সন্তান। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করাই
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবাদের হাতে
সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন
পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।