সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২২ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে পীরের মাজারে পরিবেশিত শিরনি নিয়ে বাবা ও দুই ছেলের মারপিটে আহম্মদ আলী (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সখেরবাজারে নিহত আহম্মদ আলীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানার এসআই নওশের আলী।
স্থানীয়রা জানান, নিহত খলিলুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামের আপীল উদ্দিন মুন্সির ছেলে। তিনি স্থানীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে প্রতিদিনের মতো সকালে সখেরবাজারে তার দোকানে এলে এ হত্যাকাণ্ডের শিকার হন। হত্যাকাণ্ডে জড়িত খলিলুর রহমান ও তার দুই ছেলে জেলা সদরের মালিবাড়ি ইউনিয়নের বারবলদীয়া গ্রামের বাসিন্দা ও সখেরবাজারে গৃহপালিত পশু-পাখির খাদ্য বিক্রেতা। খলিলুর রহমানের বাড়ির পাশে মুর্শিদের বাজার অদূরে আব্দুল ওয়াহিদ চিশতি দরবারে (মাজারে) চলমান ওরস শরিফ উপলক্ষে রাতে পরিবেশিত শিরনি (খিচুরি) নিয়ে গিয়ে হোমিও চিকিৎসক আহম্মদ আলীকে খেতে দেন খলিলুরের ছেলে মোনু মিয়া। শিরনিগুলো পোড়া ও খাবারের অনুপযোগী হওয়ায় এ নিয়ে কথা বাগবিতণ্ডা শুরু হয়। এরপর খলিলুর ও তার দুই ছেলে মিলে আহম্মদ আলীকে মারপিট করলে আহম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।
থানার এসআই মোমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানোসহ মামলার প্রস্তুতি চলছে। থানা ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও মামলা হয়নি। এজাহার পেলেই সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলমান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।