শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
বাগেরহাটের শরণখোলায় সোমবার রাতে ধানসাগর ইউনিয়নের
রতিয়া রাজাপুর গ্রামের সাব্বির নিজের জমিতে পাম্প মেশিন দিয়ে পানি সেচ দিতে যান। এরপর
থেকে তিনি নিখোঁজ। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে সাব্বিরের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে সাব্বির হাওলাদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে। উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রাম এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাব্বির হাওলাদারের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাব্বির ওই গ্রামের কৃষক ইউনুস হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, নিখোঁজ থাকাকালীন তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। নিহতের পরিবার দাবি করেছে, প্রতিবেশী একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে সাব্বির পরিবারের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছে।
পরিবার আরও জানায়, গত ৫ আগস্টের পর সাব্বিরের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত ও পা ভেঙে দেয়। ওই ঘটনার পর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’