চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম
চট্টগ্রামের সিআরবিতে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলা উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে মেলা।
সোমবার (১৫ ডিসেম্বর) সরেজমিন গিয়ে এমনটাই দেখা যায়। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়েছ। গত রবিবার শুরু হওয়া এ মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলায় স্থান পেয়েছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। বিভিন্ন স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, পিঠাপুলি এবং স্থানীয় উৎপাদিত পণ্যের পসরা সাজানো হয়েছে। দর্শনার্থীরা আগ্রহ নিয়ে এসব স্টল ঘুরে দেখছেন এবং কেনাকাটা করছেন।
মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী জানান, মেলায় ঘুরে ভালো লাগছে, মানুষের সমাগমও বেশি। মেলার আয়োজন আরও কয়েক দিন বাড়ালে ভালো হতো। এদিকে মেলায় স্টল ব্যবসায়ীরা জানান, আমরা যেমন আশা করেছিলাম তার থেকেও বেশি সাড়া পাচ্ছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, আগামীকাল মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। আশা করছি দিনব্যাপী মানুষ অনুষ্ঠান উপভোগ করবে এবং মানুষের সমাগমে মেলাকে সফল করে তুলবে। এ ছাড়া মেলাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।