সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শেখকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে তার বোনের করা মামলায় গত রবিবার রাতে পৌর এলাকা থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোয়াজ্জেল শেখের ছেলে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত তরুণ জুয়েলের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর প্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করা হয়। পরে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত জানান, তিনি দলীয় পদ পেলে বিয়ে করবেন। ইতোমধ্যে তিনি দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের মেসেঞ্জারে দীর্ঘ ১১ সাসের বিভিন্ন প্রমাণ সরিয়ে ফেলে।
একপর্যায়ে অভিযুক্তকে বিয়ের কথা জানালে অস্বীকার করে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনা জানালে পরিবারের লোকজন তাকে মারপিট করে বের করে দেয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গত ৯ ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর বড় বোন। এই মামলায় তাকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, কলেজ শাখার সাংগঠনিক বিষয়ে জেলা শাখার সরাসরি সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। তবে কেন্দ্রের কোনো সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে সহায়তা করব।