হাওরাঞ্চল (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধে মাটি কাটা কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকা উপজেলার চন্দ্রসোনারথাল হাওর প্রকল্পের ৩ নম্বর প্রকল্পে মাটি কাটার মধ্য দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত, সংস্কার ও পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এতে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সভাপতি এবং উপজেলা ইউএনও জনি রায়, কমিটির সদস্যসচিব ও সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলার সুখাইর-রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সদস্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, পাউবোর নীতিমালা অনুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরই লক্ষ্যে যথাসময়ের মধ্যেই আমরা বাঁধের কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা হাওরের সবকটি বাঁধের কাজ সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।