ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ ছিনতাইকারী রাসেল মিয়া (৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৪ ডিসেম্বর রাতে পৌর শহরের গাছতলা ঘাট এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। সে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব ও নরসিংদীর বেলাবো থানায় একাধিক মামলা রয়েছে শীর্ষ
ছিনতাইকারী রাসেল মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন যাবত সে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে
১৪ ডিসেম্বর রাতে গাছতলাঘাট মাছবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার
করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, শীর্ষ ছিনতাইকারী
রাসেলকে গত এক বছর যাবত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার
করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে নয়টি গ্রেপ্তারি পরোয়ানা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অস্ত্র,
পুলিশ অ্যাসল্টসহ বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। ভৈরব থানায় ১৫টি ও নরসিংদী জেলার বেলাব
থানায় ৫টি মামলা মুলতবি আছে। রাসেল মিয়ার বিরুদ্ধে মোট ২০টি মামলা হয়েছে। এ সকল মামলায়
সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার স্থায়ী ঠিকানা বেলাব থানাধীন দেওয়ানেরচর হলেও সে ভৈরব
পৌর শহরের নদী বাংলা সেন্টারের পেছনে তার আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন সময়ে ভাড়াবাসা নিয়েও
বসবাস করে থাকত। সে ভৈরবের বিভিন্ন সময়ে অসংখ্য চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত
ছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
আবু তালেব। আজ সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা
হয়েছে।