× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম

দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম : ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। রবিবার চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এদিন শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ বিভাগীয় ও শাখা প্রধানরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই তাদের স্মৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের যেসব সর্বশ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন দেশের বুদ্ধিজীবীরা, যারা ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগে সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার নাজির আহমেদ খান, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।

রাজশাহী : রাজশাহী জেলায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনারসহ রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজশাহীর নয়টি উপজেলা প্রশাসন পৃথকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বগুড়া : শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলায় বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) যৌথ আয়োজনে সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ প্রমুখ।

দিবসটি উপলক্ষে বেলা ৩টায় জেলার নবাববাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় ও জেলা কমিটির নেতারা।

ময়মনসিংহ : ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীর ব্রহ্মপুত্র নদের পাড়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

বরিশাল : বরিশাল জেলায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতি স্তম্ভে, পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করে বরিশালের সর্বস্তরের প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক রাজনৈতিক দলের নেতারা। এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে আসেন। শুরুতে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এ ছাড়া শ্রদ্ধা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে যে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী প্রজন্ম পালন করে এমন প্রত্যাশার কথাও জানান আগতরা।

কুমিল্লা : কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার এ নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতারা। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান। এ সময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরে আলম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, টাউন হলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীরসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

রংপুর : শহীদ বুদ্ধিজীবী দিবসে রংপুর জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা : শহীদ বুদ্ধিজীবী দিবসে রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সব বুদ্ধিজীবীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক বলেন, প্রতি বছর বেদনাভরে আমরা এই দিবস পালন করি। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার পরিপ্রেক্ষিতে এদের অবদান চিরকাল বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধে প্রায় ১১০০ বীর বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেনÑ খুলনার পুলিশ সুপার মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ হ ম রুহুল আমীন প্রমুখ।

কিশোরগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবসে সভা আয়োজন করা হয়। রবিবার সকালে শহরের নগুয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান প্রমুখ।

ঝালকাঠি : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে শহরের পৌরসভা খেয়াঘাটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ : জেলায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

চবি : শহীদ বুদ্ধিজীবী দিবসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

ফেনী : ফেনীতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার সকাল সাড়ে ১০টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, পৌর প্রশাসন, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা শিল্পকলা একাডেমি, সদর উপজেলা প্রশাসন, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিশু একাডেমি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জাতীয় নাগরিক পার্টি, পরিবেশ অধিদপ্তর, কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নেত্রকোণা : জেলার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াত ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : জেলার কোটালীপাড়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

উজিরপুর (বরিশাল) : জেলার উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : শহীদ বুদ্ধিজীবী দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেনÑ রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সাংবাদিক সাইফুল ইসলাম, রিয়াজ হোসেন খান, মাহবুব আলম প্রিয়, পারভেজ আহমেদ, রিপন মিয়া, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে দেশপ্রেমিক সন্তানদের হত্যার মাধ্যমে দেশকে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা করেছে বর্বর হানাদার বাহিনী। তারপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে মহান স্বাধীনতা অর্জন করে আমরা একখণ্ড স্বাধীন বাংলাদেশ পাই।

কালাই (জয়পুরহাট) : জেলার কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাউনিয়া (রংপুর) : জেলার কাউনিয়ায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে শহীদবাগ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : জেলার মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী (টাঙ্গাইল) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কচুয়া (চাঁদপুর) : জেলার কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা ইউএনও মাহমুদুল হাসান রাসেল পুষ্পস্তবক অর্পণ করেন।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : জেলার রায়গঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

শ্রীপুর (মাগুরা) : জেলার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফুলপুর (ময়মনসিংহ) : জেলার ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিসের পাশে অস্থায়ী তৈরি করা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পেকুয়া (কক্সবাজার) : জেলার পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার এএসএম নুরুল আকতার নিলয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংগাইর (মানিকগঞ্জ) : জেলার সিংগাইরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুড়িচং (কুমিল্লা) : জেলার বুড়িচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা হয়েছে। সকাল ১০টায় উপজেলার সাদকপুর উদারগাজী বাড়ি বধ্যভূমিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সরু মিয়া। 

নেছারাবাদ (পিরোজপুর) : জেলার নেছারাবাদে সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

নলছিটি (ঝালকাঠি) : শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলার নলছিতে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইলের কৃতী সন্তান শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সরাইল প্রেস ক্লাব।

দীঘিনালা (খাগড়াছড়ি) : জেলার দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবসে এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন অফিসে অবমূল্যায়নের বিষয়ে গভীর আক্ষেপ করেছেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : শহীদ বু‌দ্ধিজীবী দিবসে আলোচনায় সভাপ‌তিত্ব ক‌রেন গোমস্তাপুর উপ‌জেলা ইউএনও জাকির মুন্সী।

পোরশা (নওগাঁ) : জেলার পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) : জেলার দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে আলোহালীর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয় সর্বস্তরের মানুষ।

মনপুরা (ভোলা) : জেলার মনপুরায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও আবু মুছা।

বেতাগী (বরগুনা) : জেলার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনায় ইউএনও সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘা (রাজশাহী) : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা