চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম
কক্সবাজারের চকরিয়ায় মরা মুরগি জবাই করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কাঁচাবাজারের বিভিন্ন মুদি দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের চিরিংগা
কাঁচাবাজারে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
অভিযানে চকরিয়া থানা পুলিশ এবং চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী উপস্থিত
ছিলেন।
চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী জানান,
কাঁচাবাজারে এক মুরগি ব্যবসায়ী মরা মুরগি জবাই করে বিক্রি করছেন- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায়
সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের মুদি দোকানগুলোতে
মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে মূল্যতালিকা না টাঙালে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
রুপায়ন দেব বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা
হচ্ছে। মরা মুরগি জবাই করে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত
করতে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।'