মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৭ পিএম
সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের ইতিহাসে যেসব মহান আউলিয়া ও দরবেশের অবদান চিরস্মরণীয়, তাদের অন্যতম হজরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.) বাগদাদী। তিনি ছিলেন হজরত শাহজালাল (রহ.)-এর ঘনিষ্ঠ সফরসঙ্গী ও অন্যতম মুরুব্বি হিসেবে পরিচিত।
রবিবার মাজার প্রাঙ্গণে এবারের ওরসের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান মাজারে জড়ো হয়েছেন। পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে।
মাজারের খাদেম খিরাজ আলী শাহ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্ত আশেকানরা মানতসহ এখানে আসেন। ওরসে অংশগ্রহণকারী ভক্তরা রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির-আজকার, মারিফতি ও মুর্শিদি গানে ইবাদতে মশগুল থাকেন। আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ খান জানান, ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর বা অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।