নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ পিএম
ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির পৈতৃক বাড়িতে চুরির ঘটনার পর সেখানে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ও নিরাপত্তা জোরদার করা হয়েছে ।শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সারাদেশেই চলছে প্রতিবাদ সমাবেশ। তার নিজ জন্মভূমি নলছিটিতেও চলছে বিভিন্ন দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) এরই মাঝে দিবাগত রাতে তার গ্রামের
বাড়ি নলছিটিতে ঘটে চুরির ঘটনা। তার পরিবারের সদস্যরা ঢাকায় তার পাশে অবস্থান করার ফাঁকে
চোর হানা দেয় তার গ্রামের বাড়িতে। এ ঘটনায় আরও ফুঁসে উঠেছে দেশবাসীসহ তার উপজেলার মানুষ
ও প্রতিবেশীরা। বর্তমানে তার বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত
হাদি সম্পর্কে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন,
ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ
করতাম সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করত। তখন দেখেছি, তার মাঝে
অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। মান্না আরও বলেন,
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ বিকালে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা
অতিদ্রুত ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি।
ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল
হোসাইন বলেন, শরীফ ওসমান হাদি শুধু নলছিটি না সারাদেশের একটি সম্পদ। তার রয়েছে অগাধ
দেশপ্রেম এবং তিনি ফ্যাসিস্টবিরোধী অগ্রদূত সৈনিক। তিনি আমাদের নলছিটির সুযোগ্য সন্তান।
আমরা গতকাল সন্ধ্যায় আট দলের ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। আমরা এগুলো
করেই চুপ থাকব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সরকারকে অনুরোধ করব অতিদ্রুত
অভিযুক্তকে খুঁজে বের করুন।
এ দিকে তার বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
আজ সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ইতোমধ্যে পুলিশের ঝালকাঠি জেলা
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। : চুরির
ঘটনার পর পুলিশ ওই বাড়িতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। স্থানীয় থানার ওসি জানিয়েছেন,
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে আর চুরির
বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম।