নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। প্রবা ফটো
জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১৫১ টি অস্ত্রের মধ্যে ১১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে বাকি ৪০ টি অস্ত্র এবং সাড়ে ৭ হাজার রাউন্ড গুলি উদ্ধার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের একথা জানান তিনি।
জেলা পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনকারীদের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সংঘবদ্ধভাবে হামলা চালায়। এসময় তারা জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা, গোপালদী তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিপুল অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। সেসময় জেলা পুলিশের বিভিন্ন অস্ত্রাগার ভেঙে দুর্বৃত্তরা ১৫১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ৯ হাজার ২৫ রাউন্ড গুলি নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, লুট হওয়া অস্ত্রের মধ্যে ছিল ৭ ধরনের বিভিন্ন বোরের অস্ত্র— চাইনিজ রাইফেল, এসএমজি (সাব মেশিন গান), এলএমজি (লাইট মেশিন গান), পিস্তল, শটগান ও রাইফেলসহ আধুনিক আগ্নেয়াস্ত্র। শুধু জেলা পুলিশ লাইন থেকেই নিয়ে যাওয়া হয় ৭৮টি অস্ত্র ও প্রায় ৫ হাজার রাউন্ড গুলি। এসব অস্ত্রের অনেকগুলো ছিল কার্যকর অবস্থায় এবং কিছু অস্ত্র তৎকালীন সময়েও মামলা তদন্তে বা বিশেষ অভিযানে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১১১টি অস্ত্র ও ১ হাজার ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা গেছে। কিন্তু বাকি ৪০টি অস্ত্র এবং প্রায় ৭ হাজার ৫১৮ রাউন্ড গুলির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। লুট হওয়া অস্ত্রের প্রায় এক-তৃতীয়াংশ উদ্ধারে এখনও অভিযান চলছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী জানান, অস্ত্র উদ্ধারে আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে পুরস্কারের ঘোষণাও দিয়ে রেখেছি। নির্বাচনের আগেই যেন বাকি অস্ত্র উদ্ধার করা যায় সেজন্য থানা, জেলা গোয়েন্দা বিভাগসহ সকলে সচেষ্ট রয়েছে।