যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
যশোরে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আব্দুস শহিদ (৪৫) নামে এক রিকশাচালক খুন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাদাহ মালোপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক আব্দুস শহিদ (৪৫) পাগলাদাহ এলাকার বশির আহমেদের ছেলে। ছুরিকাঘাতের পর রক্তাক্ত ছেলেকে বাঁচাতে রিকশায় উঠিয়ে হাসপাতালে নেন বাবা। কিন্তু বৃদ্ধ বাবা চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারলেন না। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা বশির আহমেদ বলেন, ‘আমার তিন ছেলে, তিন মেয়ে। শহিদ সবার বড়। শনিবার সন্ধ্যায় রিকশা চালিয়ে বাসায় ফিরছিল। মালোপাড়া এলাকার আব্দুর রহমানের দোকানের সামনে একই এলাকার জাহাঙ্গীরের চার ছেলে আসিফ, মিরাজ, আলিফ, রিয়াজ এবং মানিক মিয়ার ছেলে ইরানের সঙ্গে কোনো একটা বিষয়ে কথাকাটাকাটি হচ্ছিল। আসিফ চাকু দিয়ে শহিদের বুকে-পিঠে উপর্যুপরি আঘাত করে।
আশপাশ অনেকে চেয়ে চেয়ে দেখলেও এগিয়ে আসেনি কেউ। আমি দৌড়ে গিয়েও তাদের ঠেকাতে পারিনি। শহিদ মাটিতে পড়ে গেলে আসিফ ও মিরাজরা পালিয়ে যায়। এ অবস্থায় একটি রিকশা ডেকে ছেলেকে তাতে তুলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলেও বাঁচাতে পারিনি।’
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন, শহিদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। মাদক-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক কারবারির সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।