প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৬ পিএম
নবান্ন ও পিঠা উৎসব ঘিরে শনিবার (১৩ ডিসেম্বর) ছিল অন্য রকম এক আয়োজন। এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ঐতিহ্যবাহী খেলাও ছিল। প্রতিবেদকদের পাঠানো খবর :
নড়াইল : নড়াইল শহরের ধোপাখোলায় নবান্ন ও পিঠা উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল আরও কিছু বাড়তি আয়োজন। তার মধ্যে ছিল নাচ-গান-কবিতা আবৃত্তি পরিব্শেনসহ চারু ও কারুশিল্প প্রদর্শনী।
‘নন্দন কানন’ শিশু-কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজন করেছিল। গতকাল সকাল ১১টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়।
নন্দন কাননের সভাপতি লেখক সুভাস বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মায়া রানী বিশ্বাস, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় নবান্ন উৎসবে দিনব্যাপী মেতেছিল শতাধিক তরুণ-তরুণী। শনিবার সকাল থেকে তাম্বুলিপাড়া এলাকায় কেন্দুয়া আইটি পার্ক নামে একটি প্রতিষ্ঠান এর আয়োজন করে। উৎসবে এলন্টি বেলন্টি, গোলাপফুল, রুমাল বদল, দাঁড়িয়াবান্ধা, সাত তারা, কানামাছিসহ বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রকার গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উৎসবে আগতরা জানান, কইজানি নদীর তীরে মনোরম প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত নবান্ন উৎসব যেন প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শতাধিক তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
চরফ্যাশন (ভোলা) : দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষÑ এই স্লোগান সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়।
এতে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা ইউএনও লোকমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী, চরফ্যাশন প্রেস ক্লাবের সহসভাপতি কামাল মিয়াজীসহ বিভিন্ন অতিথি এবং চরনাজিমউদ্দিন গ্রামের কৃষক-কৃষানি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।