গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নাতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ধোপাকান্দি গ্রামের লিটন শেখ, হিরন শেখ, আবুল হাসান শেখ, মিজানুর শেখ ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা, মাহাবুব মোল্লাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার সাত বছর বয়সি ছেলে আবুল আসাদ শেখের সুন্নাতে খাৎনার গায়ের হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশ্ববর্তী খান্জাপুর গ্রামের পলাশ মোল্লার ছেলে নাজিম মোল্লা (১৭) মোবাইলফোনে ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।
শনিবার সকালে ইনান শেখের বাড়ির লোকজন স্থানীয় উজানী বাজারে আসলে খাঞ্জাপুর গ্রামের লোকজনের সঙ্গে ওই ঘটনার জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধোপাকান্দি ও খাঞ্জাপুর গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।