× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুর পশু হাসপাতালে জনবল সংকটে ভোগান্তিতে হাজারও খামারি

জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২২:২৭ পিএম

দৌলতপুর পশু হাসপাতালে জনবল সংকটে ভোগান্তিতে হাজারও খামারি

কুষ্টিয়ার দৌলতপুর প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল জনবল-সংকটের কারণে খুঁড়িয়ে চলছে। দীর্ঘদিন ধরে চলা এ সংকট বর্তমানে এসে ভয়াবহ রূপ নিয়েছে। এতে প্রায় সাড়ে চার হাজার খামারি ও কয়েক লাখ কৃষক বিপাকে পড়েছেন। কিছুদিন আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বদলির পর পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এই কার্যালয়ে ১১টি পদে কর্মকর্তা-কর্মচারির থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন ড্রেসার ও একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য)। বাকি ৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় রয়েছে। তার মধ্যে উপসহকারী কর্মকর্তা অসুস্থতাজনিত ছুটিতে থাকায় পুরো অফিস কার্যত অচল হয়ে পড়েছে।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বদলি হলে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় পাশের মিরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে। তবে একযোগে দুটি উপজেলার দায়িত্ব পালন করায় তিনি দৌলতপুরে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। এতে খামারিরা হচ্ছেন  সেবা থেকে বঞ্চিত।

প্রায় ৮ লাখ মানুষের বসবাসের এই বৃহৎ উপজেলায় আছে সাড়ে তিন লাখের বেশি গবাদি পশু ও এক কোটির কাছাকাছি হাঁস-মুরগি। এখানকার মানুষের জীবিকা মূলত কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল। কিন্তু প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতালে পর্যাপ্ত জনবল না থাকায় পশুরা সময়মতো চিকিৎসা পাচ্ছে না। বাধ্য হয়ে অনেক খামারি গ্রাম্য পশুচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। কিন্তু প্রাণীর সুচিকিৎসা পাচ্ছে না। উল্টো পশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর এলাকার খামারি নাইম ইসলাম বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল নেই বললেই চলে। এখন তো স্থায়ী ডাক্তারই নেই। ডাকলেও আসেন না। আর এলে টাকা দিতে হয়। তাই বাধ্য হয়েই গ্রাম্য চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছি।

একই অভিযোগ করেন স্থানীয় পশু খামারি দেলোয়ার হোসেন। তিনি বলেন, তিন দিন ধরে আমার দুটি গরু অসুস্থ। হাসপাতালে কোনো ডাক্তার না থাকায় গ্রাম্য চিকিৎসকের কাছেই যেতে হচ্ছে। এতে সঠিক চিকিৎসা না পেয়ে গরুর মৃত্যুঝুঁকি বেড়ে যাচ্ছে।

দৌলতপুর উপজেলায় বর্তমানে প্রকল্পভিত্তিক আরও পাঁচজন কর্মকর্তা-কর্মচারি দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এর মধ্যে চারজন কর্মরত আছেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এবং একজন উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পে। তাদের নিয়োগ মেয়াদ দ্রুত শেষ হবে। মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও দৌলতপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফি বলেন, দৌলতপুরে মাত্র দুজন স্থায়ী জনবল রয়েছে। প্রকল্পভিত্তিক আরও পাঁচজন কাজ করছেন। কিন্তু  স্থায়ী জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন বলেন, জেলার প্রায় সব উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতালে জনবল সংকট চলছে। এ ক্ষেত্রে দৌলতপুরের পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। সেখানে বর্তমানে কোনো স্থায়ী ডাক্তার বা সার্জন নেই। বিষয়টি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছি। আশাকরি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা