× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়ির কাঞ্চননগর

খালের পাড় কেটে ভাটায় মাটি বিক্রি

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২২:২৫ পিএম

খালের পাড় কেটে ভাটায় মাটি বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গর খালের পাড় থেকে অবৈধভাবে কাটা হচ্ছে। রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ডামট্রাকে করে নেওয়া হচ্ছে পার্শ্ববর্তী শ্বেতকুয়া এলাকার দুটি ইটভাটায়।

খোঁজখবর নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে চৌধুরী মৎস্য প্রকল্পের পাশ ঘেঁষে ২০ থেকে ৩০ ফুট গভীর গর্ত করে দুটি এক্সকাভেটর দিয়ে বিপুল পরিমাণ মাটি কাটা হয়েছে। প্রতিদিন ২০-২৫টি ডামট্রাকে করে এসব মাটি নেওয়া হচ্ছে এমকেএ ও এসবি নামের ওই দুটি ইটভাটায়। অভিযোগ রয়েছে, লোকমান চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি পুরো মাটি ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। এলাকায় তার রাজনৈতিক প্রভাব থাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

খালের পাড় কেটে নেওয়ায় ধুরুং নদীর শাখা ছড়াটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আশপাশের ঘরবাড়ি, কৃষিজমি ও টিলাগুলো ধ্বংসের আশঙ্কায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, মাটি কাটায় খালের পাশের পাড় ঝুলে গেছে। বর্ষায় বড় দুর্ঘটনা ঘটবে। তবে প্রভাবশালীদের ভয়ে আমরা কিছু বলতে পারি না।

সরেজমিন দেখা যায়, কাঞ্চননগরহাট-বিবিরহাট সড়ক থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে খালের পাড় ঘেঁষে এক্সকাভেটর দিয়ে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী সড়ক। সড়ক তৈরির জন্য কাটা হয়েছে টিলাও। পাশে বিশাল গর্ত, যেখান থেকে প্রতিরাতে মাটি তোলা হচ্ছে। চারদিকে স্তূপ কাদা, ট্রাকের চাকার দাগ আর এক্সকাভেটরের তাজা কাটার চিহ্ন, সবকিছুই নির্বিচার পরিবেশ ধ্বংসের সাক্ষী।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদী, খাল, জলাধার বা সরকারি জায়গা থেকে অনুমতি ছাড়া মাটি তোলা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কাঞ্চননগরে সেই আইন প্রকাশ্যে লঙ্ঘিত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে খালটির অস্তিত্বই বিলিন হয়ে পড়বে।

লোকমান চৌধুরী মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, ইটভাটার সঙ্গে ব্যবসায় জড়িত রয়েছি। আমার কিছু অনাবাদি জমি আছে। সেখানে মাছের ঘের করার জন্য মাটি নিয়ে যাচ্ছে। প্রশাসনের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইউএনও অফিসে আবেদন করেছি। তারা পরিদর্শন করার কথা বলেছিল। কিন্তু এখনও আসেনি।

উপজেলা ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, অবৈধভাবে মাটি কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। খাল বা সরকারি জমি থেকে অনুমতি ছাড়া মাটি তোলা পুরোপুরি বেআইনি। আমি সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শনের জন্য টিম পাঠাবো। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাপ: 

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে খালের পাড় থেকে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। সম্প্রতি তোলা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা