চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭ পিএম
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। প্রবা ফটো
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোন অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না। তিনি বলেন, আমরা যখন চট্টগ্রামে সভা করছি, ঢাকার আট নম্বর আসনের ওসমান হাদি হয়তো আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তফসিল ঘোষণার পরপরই যারা বলেছিল নির্বাচন হতে দেওয়া হবে না, তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে। যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নানান অপকর্মের মাধ্যমে নির্বাচন ব্যাহত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। এসব করে কেউ পার পাবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম ০৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ০৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ০৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশ পরিচালনা করেছে। তাই অভিজ্ঞতার জায়গা থেকে বিএনপিই জনগণের রাষ্ট্র পরিচালনার যোগ্য দল।
বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্মরণ করে মেয়র বলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আমাকে চট্টগ্রাম ৯ আসনে মনোনয়ন দেওয়ার পর থেকে এই এলাকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই আসনের সবাই আমার প্রাণের সহযোদ্ধা, কারো প্রতি আমার রাগ বিরাগের কোন কারণ নেই। আমি সবাইকে নিয়ে কাজ করবো। আপনাদের সাথে নিয়ে আমরা চট্টগ্রাম ৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে কাজ শুরু করে দিতে হবে। দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে হবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য কাজ করার আহবান জানান।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, একে খান, মাহবুব রানা, মো. ইসমাইল বালি, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, এম আই চৌধুরী মামুন, নুর হোসাইন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, তাতীদলের আহবায়ক সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ প্রমুখ।