খুলনা অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২২ পিএম
‘প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিতে পারে এবং একটি প্রভাবশালী দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি আরও বলেন, প্রশাসন শক্তিশালী পক্ষের দিকে ঝুঁকে পড়ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ চাপ সৃষ্টি করা হচ্ছে, ভিন্নমতের সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে; তবে সামাজিক মাধ্যম এখন সত্য প্রকাশের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।
তিনি ব্যাংকিং খাতের সিন্ডিকেট, ঋণখেলাপি ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিকে জিম্মি করে রাখা এসব সিন্ডিকেট ভাঙতে না পারলে জনগণের দুঃখ-কষ্ট আরও বাড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারী এবং পরিচালনা করেন যুববিভাগের সেক্রেটারি হামিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।