নোয়াখালী-৬
নোয়াখালী ও হাতিয়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
নির্বাচনী কাজের সহায়তায় ধান বিক্রি করে পাওয়া অর্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে প্রদান করেন কৃষক আনোয়ার হোসেন বেচু। তবে হান্নান মাসউদ সেই টাকা গ্রহণ করলেও তা সঙ্গে সঙ্গেই ফেরত দিয়ে দেন কৃষকের হাতে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে হাতিয়ার ওছখালী এলাকায় নির্বাচন কমিশন ও আরপিওর নির্দেশনা অনুযায়ী নিজের পোস্টার-ব্যানার অপসারণ তদারকির সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আনোয়ার হোসেন বেচু নলচিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নদী ভাঙনে সহায়-সম্বল হারিয়ে তিনি দীর্ঘদিন ভূমিহীন অবস্থায় ছিলেন। ২০১২ সালে সরকার জমি বন্দোবস্ত দিলেও নানা প্রতিবন্ধকতায় তা দখলে নিতে পারেননি। জুলাই বিপ্লবের পর আব্দুল হান্নান মাসউদের উদ্যোগে হাতিয়ার প্রায় ১০ হাজার ভূমিহীন তাদের জমি বুঝে পান। সেই সময়ই নিজের বন্দোবস্তের জমি ফেরত পান কৃষক বেচু।
ভূমিহীনদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্নান মাসউদ। তিনি বলেন, ভূমিহীন মানুষের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তাদের দীর্ঘদিনের কষ্ট, বঞ্চনা আর সংগ্রামের গল্প আমি খুব কাছ থেকে দেখেছি। জমি বুঝে পাওয়ার পর আজ তারা যে হাসি ও আস্থা নিয়ে আমার পাশে দাঁড়াচ্ছেনÑ এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
এ সময় হাতিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মফিজ উদ্দিন আহমদ, কৃষক বেলাল উদ্দিন, এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা, বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানসহ ভূমিহীন মানুষজন উপস্থিত ছিলেন।