ফেনী-৩
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু সমর্থনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আলাইয়ারপুর গ্রামে দাগনভূঞা উপজেলা বিএনপির আয়োজনে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন দলের দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আকবর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিনা আকবর, হাবিব উল্যাহ, নুরে আলম সিদ্দিক দুলাল, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদন, মামুন খান, মোহাম্মদ হাসান ও স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু। এ ছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ সময় আকবর হোসেন বলেন, মতভেদ ভুলে সবাইকে বিএনপি ও ধানের শীষের প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে ঘরে ঘরে পৌঁছাতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।