চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি লটারিতে মিস জুলেখা খাতুন নামে এক বালিকার নাম প্রকাশিত হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিদ্যালয়টি শুধু বালকদের জন্য হলেও তালিকায় একটি মেয়ে শিক্ষার্থীর নাম আসায় লটারির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে অভিভাবক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। দুপুর ২টার পর আনুষ্ঠানিকভাবে অনলাইনে এবং বিদ্যালয়ের নোটিস বোর্ডে ফলাফল জানানো হয়। প্রকাশিত তালিকায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি (দিবা শিফট) ভর্তি তালিকার ৭১ নম্বর সিরিয়ালে উঠে আসে ‘মিস জুলেখা খাতুনের’ নাম।
ফলাফল প্রকাশের পরই সামাজিক মাধ্যমসহ স্থানীয় অভিভাবকদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কয়েকজন অভিভাবক জানান, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতি বছরই কিছু না কিছু সমস্যার অভিযোগ ওঠে। এর আগেও জেলার দুটি বালক-বালিকা বিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। ডিজিটাল লটারিতে এমন ভুল হওয়া আরও উদ্বেগজনক।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু ভর্তি লটারির পুরো প্রক্রিয়া ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, তাই যদি বালক বিদ্যালয়ের তালিকায় বালিকার নাম আসে, এটি ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশোধন করতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালে ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে সাবিহা ইসলাম নামে এক বালিকার নামসহ এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছিল। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও এক শিক্ষার্থীর নাম একাধিকবার ছিল।