বরিশাল সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৩:২১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:২৭ পিএম
ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ। ছবি : প্রবা
ইজিবাইক চালক শামসের আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বুধবার (২১ ডিসেম্বর) সকালে এ মানববন্ধন করেন পরিষদের নেতাকর্মীরা।
সংগ্রাম পরিষদের সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম, রুবিল হাওলাদার, শাহিন শরিফ, আইউব আলী প্রমুখ।
মানববন্ধনে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, ১৮ ডিসেম্বর কাশিপুর হাইস্কুলসংলগ্ন এলাকায় শামসের আলীকে নেশাদ্রব্য খাইয়ে হত্যা করা হয়। হত্যার পর তার ইজিবাইক নিয়ে যায় যানবাহন চোর সিন্ডিকেটের সদস্যরা। ওই রাতেই তার মরদেহ হাইস্কুলের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। শামসেরের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, শামসেরের মতো অনেকেই এভাবে প্রাণ হারিয়েছে। কেউ আবার চোর সিন্ডিকেটের কাছে সর্বস্ব হারিয়েছে। কিন্তু প্রশাসন এদিকে নজর দেয়নি। এ হত্যাকাণ্ড ও চুরির কোনো বিচার হয়নি। এমনকি এ ঘটনায় এখন পর্যন্ত মামলাও হয়নি। আমরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।