চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৯ পিএম
চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : সংগৃহীত
অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে চট্টগ্রামের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে আমরা বৃহস্পতিবার কুটুমবাড়ি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করি। অভিযানে গিয়ে আমরা দেখি প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।