প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৩ পিএম
দেশের নওগাঁ, পাবনা ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় ৩ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবর—
বদলগাছী (নওগাঁ): নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কাষ্টগাড়ী গুচ্ছগ্রামে আমবিয়া নামক এক মহিলার মুরগিকে কেন্দ্র করে জুয়েল মিয়া (৪২) নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আমবিয়া নামক এক মহিলার সঙ্গে মুরগি নিয়ে বাকবিতণ্ডা হয় জুয়েল নামক সেই ব্যাক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে আমবিয়ার হুকুমে কয়েকজন দুর্বৃত্ত জুয়েলের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বদলগাছী থানার ওসি জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মো. আজাদ হোসেন (৩৩) নামে এক ইপিজেড শ্রমিককে ব্যাটারিচালিত অটোর নিচে ফেলে প্রকাশ্যে পিষে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার চররুপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সি বাজার এলাকার মো. আলী আজমের ছেলে এবং ইপজেডের নাকানো কোম্পানিতে কর্মরত ছিলেন।
জানা গেছে, ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার বাসিন্দা অটোচালক রনি থেকে নিহত আজাদ ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হন আজাদ। গতকাল চররুপপুর জিগাতলা মোড়ে স্ত্রীকে নিয়ে যাওয়ার পথে রনির সঙ্গে দেখা হয় আজাদের। এসময় রনি তার পাওনা টাকা চেয়ে আজাদকে গালিগালাজ করলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ত্রীর সামনে আজাদকে ধাক্কা মেরে সড়কের উপর ফেলে রনি তার ব্যাটারিচালিত অটোরিকশায় আজাদের শরীরে চাপা দিয়ে প্রায় আধাঘন্টা টেনে-হিঁচরে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার (৩৩)কে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে চোর চক্রের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান এলাকার ভাড়াটে বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন ঢাকার মোহাম্মদপুর র্যাপিড অ্যাকশন র্যাটালিয়ান (র্যাব)-২ এ কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে তিন চোর অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূ লিপি চোরদের শব্দ শুনে জেগে উঠেন। এসময় তিনি চোরদের চিনে ফেলায় চোররা তাকে শ্বাসরোধে হত্যা করে।
সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।