শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮ পিএম
পরিবেশ অধিদপ্তর শেরপুরে ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে প্রত্যেক ইটভাটার মালিককে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার
(১১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী
কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ ও কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ
আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল
কুমার দাস।
ভ্রাম্যমাণ
আদালতের তথ্যমতে, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুর-এর যৌথ উদ্যোগে সদর এবং ঝিনাইগাতী
উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সদরের
তাতালপুর মনকান্দা এলাকায় অবস্থিত মেসার্স আশিকা ব্রিকস, সদরের মির্জাপুরের মেসার্স
এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়ার কাটাখালী
ব্রিজ এলাকার মেসার্স বিপি ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে তৈরি
করা কাঁচা ইটও ভেঙে দেওয়া হয়েছে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। আর ইটভাটাগুলোর
সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ
আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ
হেদায়েতুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ। অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী,
পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।