রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রবের গাড়ীর বহরে হামলা হয়েছে। গত বুধবার রাত ৯টায় উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আযাদনগর বাজারে এ ঘটনা ঘটে। এসময় আসিফুল ইসলাম রিয়াজ,পরাধীন, মোহন ও মুরাদসহ ২০ নেতাকর্মী আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাজিগন্জ এলাকায় আ স ম আব্দুর রবের বাসভবনে সংবাদ সম্মেলনে তানিয়া রব বলেন, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষ করে রামগতি উপজেলার হারুন বাজারে আহত নেতাকর্মীদেরকে দেখতে যান তিনি। আযাদনগর বাজারে এলে হঠাৎ তার গাড়িবহরে চরপোড়াগাছা ইউনিয়ন যুবদল নেতা মামুন, এলাহী, মুন্না ও আল আমিনের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত হামলা করে জেএসডি নেতা আসিফুল ইসলাম রিয়াজ ও মোহনকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তাদেরকে রক্ষায় এগিয়ে এলেও সংঘর্ষ বাঁধে। হামলায় জেএসডির প্রায় ২০ নেতাকর্মী আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তানিয়া রব বলেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশ গ্রহন করছি। ৭ তারিখ থেকে আমাদের কয়েকটি অফিস ভাংচুর করা হয়েছে। পদে পদে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। এখানে অন্য প্রার্থী থাকতেই পারে। আমরাতো আমাদের দলীয় মার্কার প্রচার করছি। তাহলে কেন এমন হচ্ছে?।
নির্বাচনের তফসিলের আগেই আমাদের নির্বাচনী কর্মকান্ডে বাঁধা, মারধর, অফিস ভাংচুর, হুমকি-ধমকি ও একজন প্রার্থীর গাড়ীবহরে হামলা দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্লজ্জ আক্রমণ। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ আজ এক সাপ্তাহ ধরে রামগতিতে একের পর এক দফায় দফায় যা ঘটে চলেছে তা প্রমাণ করে, দলীয় পৃষ্ঠপোষকতায় অথবা প্রশ্রয়ে গণতন্ত্রের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যার অপচেষ্টা চলছে। একজন প্রার্থীর প্রচারণায় বাঁধা ও প্রার্থীর গাড়ী বহরে হামলার মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্টের রুপ দেখতে পাচ্ছি। আমাদের রাজনৈতিক পথ হবে শান্তিপূর্ণ, অহিংস ।তবে আমরা ভীত নই; বরং আমরা আরও দৃঢ়প্রতিজ্ঞ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু, প্রচার সম্পদক বোরহান উদ্দিন রোমান, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
এর আগে সোমবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জেএসডির নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। এ সময় হামলাকারীরা ১০-১২টি বাস ও মাইক্রোবাস ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।তবে হামলার পরও আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জেএসডির তারা মার্কার সমর্থনে নির্বাচনী সভা হয়। উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব। বিএনপি জোট থেকে এ আসনে তার নির্বাচন করার সম্ভাবনা ।