খুলনা অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী দাবি করেছেন, হিন্দু হয়েও জামায়াতে ইসলামীতে যোগ দেয়ায় তিনি ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
কৃষ্ণ নন্দী বলেন, ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের
প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার আমার মোবাইলফোন নম্বর ম্যানেজ করে আমার সঙ্গে যোগাযোগ
করেন। তিনি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দিয়ে বলেছেন, ‘আমি
হিন্দু হয়েও কেন জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি?’
তিনি বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেষী
মহল আমার ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টা করছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক
মাধ্যমে বেশ কিছু ছবি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করে আমাকে নিয়ে অপপ্রচার করছে। আমি
এসব অপপ্রচারের প্রতিবাদ জানাই। একই সঙ্গে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে
অনুরোধ করছি।
কৃষ্ণ নন্দী বলেন, জামায়াতে ইসলামের আমির ডা.
শফিকুর রহমান গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলীয় বিভাগীয় সম্মেলনের শেষে আমাকে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা)
আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে ঘোষণা করেন। আর এই ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে
হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয়, জামায়াত একটি অসম্প্রদায়িক দল। এই দলটির কাছে
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি কোনো ভেদাভেদ নাই।
তিনি বলেন, আমাকে প্রার্থী করায় সারা দেশের
হিন্দুদের দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু জামায়াত আমাকে মনোনয়ন
দেওয়ার পরই একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রপাগণ্ডা শুরু করেছে। যা প্রমাণ
করে, এটা গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ।
কৃষ্ণ নন্দী বলেন, খুলনা-১ আসনে জামায়াতের
প্রার্থী ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে আমাকে এই আসনের
প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই তিনি আমাকে সমর্থন করেছেন। আমরা একসঙ্গেই নির্বাচনি
প্রচার করছি। আমাদের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি নাই। সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন
নির্বাচনে জয়ী হয়ে দাকোপ-বটিয়াঘাটার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা
ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা চান। এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা
শেখ মোহাম্মদ আবু ইউসুফ, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা
নায়েবে আমির, মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহকারী
সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল,
সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ
প্রমুখ।