দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১২:০২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৩:০৮ পিএম
ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। ছবি : প্রবা
দিনাজপুরের ফুলবাড়ীতে মাটি খুঁড়তে গিয়ে মিলেছে ৩০১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি। উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ওই মূর্তি উদ্ধার করে ২৯ বিজিবি ব্যাটালিয়ন।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক (পিএসসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, ফুলবাড়ী ২৯ বিজিবির সীমান্ত ফাঁড়ি এলাকার দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ চলছিল। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পান। পরে বিষয়টি সীমান্ত ফাঁড়ি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
খবর পেয়ে সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. শুকশাহ বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে মূর্তিটি উদ্ধার করেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে কষ্টিপাথরের মূর্তিটি কাস্টমসে জমা দেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান মানিক রতন বলেন, ‘আমড়া সীমান্তে কর্মসৃজন কর্মসূচির মাটি কাটার সময় তারা ওই মূর্তি দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি বিষয়টি বিজিবি ক্যাম্পে অবগত করি। তারা এসে মূর্তিটি উদ্ধার করেন।’