প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
পুলিশ বক্সটির উদ্বোধন করেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। প্রবা ফটো
গাজীপুর-ঢাকা মহাসড়কের ব্যস্ততম কাঞ্চন ব্রিজ এলাকায় নতুন হাইওয়ে পুলিশ বক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও দৃঢ় করতে বুধবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ বক্সটির উদ্বোধন করেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নতুন এই হাইওয়ে পুলিশ বক্সের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রী নিরাপত্তা, জরুরি সেবা প্রদান এবং যানবাহন নিয়ন্ত্রণ আরও গতিশীল ও সমন্বিত হবে। হাইওয়ে পুলিশ জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক (নিরস্ত্র) মো. সোহেল রানা জানান, প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী চলাচল করা এ সড়কে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী পুলিশ বক্সের প্রয়োজন ছিল। নতুন স্থাপনাটি চালু হওয়ায় দুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এখন আরও সহজ হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা ও আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাজুড়ে কয়েকটি নির্দেশনামূলক বোর্ড এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যা চালক ও পথচারীদের সতর্কতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা করেছে প্লাটিনাম গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) নুরুজ্জামান চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা বলেন, সড়ক নিরাপত্তা ও জনসেবামূলক উদ্যোগে অংশ নিতে পেরে প্লাটিনাম গ্রুপ নিজেদের সৌভাগ্যবান মনে করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। এ সময় পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন।