ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:০০ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফর গত ৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শনে এলে তার সঙ্গে তর্কে জড়ানো সেই আলোচিত চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে পুনরায় পূর্বের পদে বহাল করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি
আদেশ জারির মাধ্যমে তাকে বহাল করা হয়। আদেশে বলা হয়, গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালীন হাসপাতালের আবাসিক সার্জন
(ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ইনসিটু ডা. ধনদেব চন্দ্র বর্মণ মহাপরিচালকের
সঙ্গে ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় তাকে।
সেইসঙ্গে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি তার
অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে ক্ষমা চেয়ে এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করবেন না
বলে অঙ্গীকার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। পরবর্তী সময়ে তার
দাখিলকৃত জবাব স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়।
এতে আরও বলা হয়, স্বাস্থ্য
অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবরে প্রেরিত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় মহাপরিচালকের
উদারতা ও মহানুভবতায় ডা. ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা প্রদর্শন করেন এবং তাকে পূর্বের
কর্মস্থল ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল রাখার জন্য নির্দেশ প্রদান করেন। সে
মোতাবেক তাকে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বেও পুনর্বহাল করা হলো।
চিঠি জারির বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, শোকজের সন্তোষজনক জবাব দেওয়ায় তাকে ক্ষমা করে পূর্বের পদে বহাল করার আদেশ জারি হয়েছে। এই আদেশ গতকাল (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ডা. ধনদেব চন্দ্র বর্মণ (ডিসি বর্মণ) বলেন, কর্তৃপক্ষ আমাকে পূর্বের পদে বহাল করেছেন। আমি কাজ শুরু করেছি।