পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:২৩ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানীতে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে বৈঠকটি হয়।
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়া এবং সীমান্তে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে বৈঠকের উদ্যোগ নেয় বিজিবি। প্রধান পিলার ৮৬৮ নম্বরের ৩ নম্বর উপ পিলারের কাছাকাছি ‘ব্রিটিশ সড়ক’ এলাকায় আয়োজিত এ সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান। ভারতের পক্ষে ছিলেন গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস রাঠোর।
সভায় বিজিবি ৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টির ব্যাখ্যা চান। জবাবে বিএসএফ দুঃখ প্রকাশ করে জানায়, চোরাকারবারিরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এ ঘটনা ঘটে।
দুই বাহিনী অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন, সীমান্তে তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করা এবং দা-কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়ে একমত হয়। সীমান্তে যেকোনো সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিও দেন উভয় সেক্টর কমান্ডার।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।