চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:০২ পিএম
বুধবার চট্টগ্রামের জালালাবাদস্থ কুলগাঁও জামশেশাহ রোডে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রবা ফটো
আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জালালাবাদস্থ কুলগাঁও জামশেশাহ রোডে স্থানীয় ওয়ার্ল্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মীর হেলাল বলেন, যদি আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তা নাহলে এটা একার পক্ষে সম্ভব নয়। বিএনপি বাংলাদেশে একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।
নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যেই তারেক রহমান তার ঘোষিত ভিশনারি ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ ছাড়াও প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম প্রমুখ।