নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শত বছরের পুরনো ঐতিহাসিক বলাইশিমুল মাঠরক্ষা আন্দোলনের বিজয় ঘোষণা করা হয়েছে। এ সময় প্রশাসন কর্তৃক দায়ের করা তিনটি মামলাই খারিজ হয়ে যাওয়ায় মামলার আসামি ও বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির ৮৬ জন সদস্যকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটি আনুষ্ঠানিকভাবে এ বিজয় ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটির আহ্বায়ক আবুল কালাম আল আজাদ। শহিদুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকী, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বলাইশিমুল মাঠরক্ষার আইনজীবী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ সময় উপদেষ্টা বলেন, আদালতের রায়ের কপি চাওয়া হয়েছিল, তা পাঠানো হয়েছে। এখন দ্রুত মাঠটাকে পরিষ্কার করে দিতে বলব। এ ছাড়া মাঠের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় জেলা প্রশাসনকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।
বলাইশিমুল মাঠরক্ষা গণকমিটি সূত্র জানায়, ২০২২ সালে বলাইশিমুল মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে স্থানীয় উপজেলা প্রশাসন। মাঠে ঘর নির্মাণের প্রতিবাদে ২৮ মে মানববন্ধন করেন এলাকাবাসী। কিন্তু জনগণের দাবি উপেক্ষা করেই মাঠে ঘর নির্মাণ কাজ শুরু করে প্রশাসন। ৩০ মে আদালতে মামলা করেন এলাকাবাসী। এরপর ২১ আগস্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলাম এলাকার ২১ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন এবং ২০২৩ সালের ১৩ নভেম্বর আরও ৬২ জনকে আসামি করে মামলা করা হয়। পরে উচ্চ আদালতে রিট করলে গত ২২ অক্টোবর নিম্ন আদালত থেকে বলাইশিমুল মাঠ রক্ষায় স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।