মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:০০ পিএম
দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের আটক ৭৯ জেলে ছাড়া পেয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত এসব জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর মধ্যে ভারতের ৪২ জন এবং বাংলাদেশের ৩২ জন জেলে রয়েছেন। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণকালে আটক হয়েছিলেন তারা।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই এবং ২ আগস্ট এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড় এবং এফবি পারমিতা-৪ নামে তিনটি ফিশিং বোটসহ ৪৭ জন জেলেকে আটক করে।
অপরদিকে, গত ১২ এবং ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে দুটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দিবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে তিনটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলেসহ একটি ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ ভারতীয় কোস্ট গার্ড হতে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।