চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১০ পিএম
ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির সদস্য ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে চরফ্যাশন আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমিতির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অতিরিক্ত জিপি সিদ্দিক মাতাব্বর, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, লিটন হাওলাদার, নাবিল সরমান, রায়হান, জাভেদ করিম, হেলাল উদ্দিন মাতাব্বর, জুবায়েরসহ সমিতির সদস্য ও আইনজীবী সহকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে দুলারহাট থানা পুলিশ জিআর মামলায় গ্রেপ্তার করেন। পরে তার সহযোগীরা অতিরিক্ত পিপি হিরনকে ফোন করে চেয়ারম্যান সজিব শাহরিয়ারকে জামিন করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে চেয়ারম্যানের সহযোগীরা আদালত প্রাঙ্গণ ও অতিরিক্ত পিপির চেম্বারে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একজন আইনজীবীর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য হুমকি হিসেবে দেখা যায়।
মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।