ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৬ পিএম
নওগাঁর ধামইরহাটে ট্রাকসহ ডিএপি ও টিএসপি মিলে ১৬০ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা। এর মধ্যে ১৩০ বস্তা টিএসপি ও ৩০ বস্তা ডিএপি সার রয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পূর্ব বাজার এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে সার বোঝাই একটি ট্রাক আটক করে। পরে কৃষি বিভাগের সহযোগিতায় সারের বস্তাগুলো রাতেই থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বিএডিসি ডিলার মেসার্স সরকার ট্রেডার্সের মালিক লিপি রানী সরকার নওগাঁ বিএডিসি গুদাম থেকে বিকেলে সারগুলো নিয়ে রাতে ধামইরহাট এলাকায় আনেন। তবে সারগুলোর বৈধ গন্তব্য ও বিতরণপত্র দেখাতে না পারায় জনতার সন্দেহ আরও বেড়ে যায়। পরে এলাকাবাসী ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেন। পরে ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ ঘটনাস্থলে গিয়ে সার, ট্রাক ও চালককে থানায় নিয়ে যায়।
এবিষয়ে ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের বলেন, সারগুলো থানায় জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।