আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৯ পিএম
জয়পুরহাটের আক্কেলপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রান্নার জন্য শহীদ মিনারের ইট খুলে চুলা তৈরির ঘটনা ঘটেছে। এমন অভিযোগ উঠেছে সেই স্কুলের দপ্তরি ফিরোজ হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিদ্যালয়ের শহীদ মিনারটির কাজ অর্থের অভাবে সম্পন্ন হয়নি। প্রায় সাড়ে তিন বছর ধরে অযত্ন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে নড়বড়ে হয়ে পড়েছিল। এ কারণে সিড়ির ইট খুলে পড়ছিল। বিদ্যালয়ে মঙ্গলবার পঞ্চম শ্রেণির সমাপনী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কর্মকর্তাদের খাবারের ব্যবস্থা করা হয়। রান্নার প্রস্তুতির সময় দপ্তরি স্কুলের স্থায়ী শহীদ মিনারের সিঁড়ি থেকে কিছু ইট খুলে নিয়ে আসেন। পরে সেগুলো দিয়ে অস্থায়ী চুলা বানিয়ে রান্না করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শহীদ মিনার শুধু ইট-পাথরের স্থাপনা নয়। এটি আমাদের ভাষা শহীদদের স্মৃতি ও সম্মানের প্রতীক। সেখানে হাত দেওয়া অশোভন ও অমার্জনীয় অপরাধ।
স্কুলের দপ্তরি ফিরোজ হোসেন, শহীদ মিনারটি তৈরি কাজ পুরোপুরি হয়নি টাকার অভাবে। দীর্ঘদিন পরে থাকার কারণে ইট খুলে যাচ্ছিল। স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রান্না করা জন্য কিছু ইট নিয়ে এসে চুলা তৈরি করা হয়েছে। ইটগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। পরে শহীদ মিনারের বাকি কাজ করা হলে সেই ইট দিয়ে কাজ শেষ করা হবে।
ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা বলেন, আগে থেকেই ইট খোলা ছিল। শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চুলা তৈরির জন্য দপ্তরি কিছু ইট নিয়ে এসেছিল।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আমরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবো। যদি বিষয়টির সত্যতা মিলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।