মহেশখালী (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮ পিএম
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। মাঠপর্যায়ে সৎ, নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কাছ থেকে পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়।
পরে প্রধান উপদেষ্টার নির্দেশে তালিকাটি সংশ্লিষ্ট কমিটির হাতে হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনে চলমান এই রদবদলের অংশ হিসেবে ওসি, এসপি, আইজি, ডিআইজি, ডিসি এবং বিভাগীয় কমিশনার পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়। এ বিষয়ে কয়েকজন উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। আলোচনায় নির্বাচনকালীন ব্যস্ততা, মাঠপর্যায়ের ঝুঁকি ও নিরপেক্ষতার বিষয়গুলো গুরুত্ব পায়। নির্বাচনের আগে পুলিশ বাহিনীর দক্ষতা ও প্রস্তুতি আরও বাড়াতে পদায়নের সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত পহেলা ডিসেম্বর বাছাই করা ওসিদের নিয়ে লটারি আয়োজন করা হয়। লটারিতে নানা থানার কর্মকর্তাদের মতো ভাগ্য নির্ধারিত হয় মহেশখালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক এবং সীতাকুণ্ড থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানেরও। লটারির ফলে মঞ্জুরুল হকের গন্তব্য স্থির হয় চট্টগ্রামের সাতকানিয়ায় এবং মজিবুর রহমানের কর্মস্থল নির্ধারিত হয় দূরবর্তী উপকূলীয় মহেশখালী থানায়।