নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলিকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীপুর ইউনিয়নের মান্দারবাড়ির দরজায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সকাল ৬টার দিকে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যান। পরে সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে মান্দারবাড়ির দরজায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য সিএনজিতে থাকা বলিকে কোপাতে শুরু করে। তিনি সিএনজি থেকে পড়ে গেলে বেধড়ক পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব জানান, জমি রেজিস্ট্রেশনের জন্য তার ছেলে মিজানুর রহমান সকালে ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌমুহনীর উদ্দেশে বের হয়। পথে মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তার সহযোগীরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা বলির আড্ডাখানায় হামলা চালায় এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভ করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি এমআর বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।