বগুড়া অফিস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম
বগুড়া বিট (বিআইআইটি) পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে শহীদ টিটু মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। এতে তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের আগমনে প্রতিষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, সময়ের মূল্যায়ন এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সিভিল বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব আলী, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান আবু বাসার সরদার, টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান সানোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান বোরহান উদ্দিন এবং মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মেহেদি হাসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিবলি সাদিক, সিয়াম আলী ও মামুন তালুকদার।
অনুষ্ঠানে কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজিসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগের আট শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। নবীনবরণের পর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।