নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ পিএম
আন্দোলনের কারণে ইসলামিয়া সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রবা ফটো
নোয়াখালীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন গ্রাহকরা। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ কয়েকশ নারী-পুরুষ গ্রাহক জড়ো হয়ে অফিসটি ঘেরাও করে রাখেন।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় সংলগ্ন ইসলামিয়া সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আন্দোলনকারী গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছে না। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা অফিস ঘেরাও করেছেন বলে জানান তারা।
আন্দোলনকারীদের মধ্য থেকে নাজমুল নাহার, নাজমা আক্তার ও মোজ্জামেল হোসেন বলেন, মাসের পর মাস গ্যাস না পেয়ে আমরা চরম ভোগান্তিতে আছি। রান্না করতে পারছি না, বিকল্প জ্বালানি কিনতে গিয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে। কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো ফল পাইনি। বাধ্য হয়েই আমরা আজ সড়কে নেমেছি।
এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সমস্যাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এক সপ্তাহ সময় নিয়ে আমরা বিষয়টি স্থায়ীভাবে ঠিক করার উদ্যোগ নিয়েছি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন। তিনি বলেন, জেলা শহরের ইসলামিয়া সড়কের পাশে গ্রাহকরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিস ঘেরাও করায় সড়কে যানজট দেখা দেয়। তবে গ্রাহকেদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।