নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৬ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম
মেহেদি ভূঁইয়াকে পুলিশি রিমান্ডের আবেদন
নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার মেহেদি ভূঁইয়াকে আদালতে হাজির করে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর আগে রবিবার রাত আনুমানিক ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদি (২৭) ওই গ্রামের অহিদার রহমানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (অপারেশন) আকরাম হোসেন জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালী গ্রামে প্রতিপক্ষ আয়ুব মোল্যা ও তার সহযোগীরা ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।