রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯ পিএম
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
রবিবার (০৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতের এ অভিযানে চারটি ডাম্পার ট্রাকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টা থেকে ভোর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াকুব আলী সেখ (২১)কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড, সিহাব আলী সরকার (২২) কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড, সুমন মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ায় হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘রাতের আঁধারে টপসয়েল কাটার
মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে
এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’
এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি তুলেছেন।