প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
কক্সবাজারের টেকনাফে রবিবার (৭ ডিসেম্বর) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ইউপি সদস্য মারা গেছে। অন্যদিকে একই দিন ফরিদপুর ও রংপুরে ২ হাজতি কারাগারে মারা গেছেন। প্রতিবেদকদের পাঠানো খবর-
টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।
রেজাউল করিম হ্নীলা দরগাহপাড়া মৃত আবুল কাশেমের ছেলে ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
ওসি জানান, ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রেজাউল করিমকে গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে র্যাব গ্রেপ্তার করে। তাকে পুলিশের কাছে দেওয়ার পর রেজাউল করিম শ্বাসকষ্টসহ তার হার্টের সমস্যা এবং বুকে ব্যথা নিয়ে ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পুলিশ হেফাজতে ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা প্রদানকালে চিকিৎসকরা রেজাউল করিমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়। পরবর্তীতে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান।
ফরিদপুর : ফরিদপুরের কারাগারে থাকা জাকের মোল্লা নামের এক হাজতি অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। গত শনিবার বিকালে কারাগারে থাকাবস্থায় বুকে ব্যথা হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাকের মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা এবং মৃত রাজ্জাক মোল্লার ছেলে।
রংপুর : রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা জাহাঙ্গীর আলম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহাঙ্গীর আলম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি।
তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজির হলে বিচারক জাহাঙ্গীর আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে তাকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়। রবিবার ভোরে আবার অসুস্থ্য হলে জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।