আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাজনিত কার্যক্রমের কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু।
কর্তৃপক্ষের নোটিশে জানানো হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। ৬ ডিসেম্বর শনিবার থেকে ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত মোট ১০ দিন জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এজন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে। বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা পরিপাটি ও নিরাপদ রাখতে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।