মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
রাস্তার জমি নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরের দক্ষিণ সাতুটা মুন্সিবাড়িতে সাবেক সেনা সদস্য ওবায়দুল হক রতনের ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হামলা ঠেকাতে গেলে আরও কয়েকজন আহত হন।
এ ঘটনায় সাবেক সেনা সদস্য ওবায়দুল হক রতনের ছোট ভাই তুষার বাদী হয়ে শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহত ওবায়দুল হক রতন বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের দক্ষিণ সাতুটা মুন্সিবাড়ির বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মোহাম্মদ এলেম আলী মুন্সির ছেলে।
জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওবায়দুলের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেয়। ওবায়দুল এর প্রতিবাদ করলে রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় ওবায়দুলকে বাঁচাতে গেলে তার আত্মীয় সুমন আক্তার ও মুস্তাফিজুর রহমানকেও মারধর করে আহত করা হয়। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরলেও ওবায়দুল হক রতন গুরুতর অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।