গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম
কমিটি গঠনের ৬ দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে (ঝন্টু)।
তিনি বলেন, আজ (শনিবার) থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগকৃত নেতারা হলেনÑ সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী, শিশির মল্লিক।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।