হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১৬ পিএম
দিনাজপুরের হিলি বাজারে মাত্র চারদিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৩০ টাকা। চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই আকাশছোঁয়া দামের কারণে ক্রেতারা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন এবং বিক্রেতারাও ক্রেতাদের অসন্তোষের মুখে পড়ছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে
হিলি বাজার ঘুরে দেখা যায়, চারদিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি
দরে বিক্রি হচ্ছিল, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। নতুন মুড়িকাটা পেঁয়াজ ২/৩ দিন
আগেও ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এই হঠাৎ দাম বৃদ্ধিতে সাধারণ
ক্রেতা এবং ব্যবসায়ীরা উভয়েই বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা আশা করছেন,
ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবার কমে আসবে।
হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী
সাকিল বলেন, বাজারে এখন সরবরাহ খুব কম। ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করলে দাম আবার কমে
যাবে। আমরা উচ্চ দামে কেনায় বাধ্য হচ্ছি, তাই বিক্রিতেও দাম বাড়াতে হচ্ছে।
অন্য আরেক ব্যবসায়ী ফেরদৌস
হোসেন বলেন, চারদিনের ব্যবধানে এত দ্রুত দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ। আমরাও অসহায়,
বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে
পড়েছেন সীমিত আয়ের মানুষ। তারা বলছেন, হঠাৎ দামের এই
ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়ছি।
ক্রেতা রবিউল ইসলাম বলেন, কয়েক দিন আগেও ৯০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি ১২০ টাকা! এভাবে চলতে থাকলে বাজার করা কষ্টকর হয়ে যাবে।
বাজার সংশ্লিষ্টদের
মতে, প্রতি বছর এই সময়ে অসাধু ব্যবসায়ীরা মুনাফার লোভে পেঁয়াজের দাম বাড়াতে সিন্ডিকেট
তৈরি করে। গত মৌসুমে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা সব পেঁয়াজ বিক্রি করে দিয়েছিল;
এবার তার বিপরীত। ফলে এখনও আড়তদারদের হাতে পেঁয়াজ মজুত আছে।
নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়ছে ব্যবসায়ীদের কাছে। অভিযোগ উঠেছে, এই সিন্ডিকেটের কারসাজির সময় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।